‘জন গণ মন’ নাকি ‘বন্দে মাতরম’—জাতীয় সঙ্গীত নিয়ে ফের মুখ খুললেন ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না। তাঁর দাবি, দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ‘বন্দে মাতরম’কে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ জানান, ‘জন গণ মন’-কে জাতীয় সঙ্গীত হিসেবে মানা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর বক্তব্য, গানটি ব্রিটিশ শাসনের সময় লেখা হয়েছিল এবং এর কিছু শব্দ তৎকালীন শাসকের সঙ্গে সম্পর্কিত। সেই কারণেই তিনি মনে করেন, এটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পাওয়ার উপযুক্ত নয়।
অন্যদিকে, মুকেশের মতে ‘বন্দে মাতরম’-এর মধ্যে দেশের মাটি ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ফুটে ওঠে। তাই এই গানটিকে জাতীয় স্তরে আরও গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি। একইসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও ভারতীয় সংস্কৃতি ও নিজস্ব শিক্ষাব্যবস্থাকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এর আগেও একই দাবি করেছিলেন অভিনেতা। এবার ফের সেই অবস্থান স্পষ্ট করায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।
‘বন্দে মাতরম’-এর সঙ্গে তাঁর ব্যক্তিগত টানের কথাও জানিয়েছেন মুকেশ। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটির প্রশংসা করে তিনি জানান, সুরকার কল্যাণজি-আনন্দজির সঙ্গেও এ নিয়ে কথা হয়েছিল। ভবিষ্যতের জন্য ‘বন্দে মাতরম’-এর প্রায় সাত মিনিটের একটি সংস্করণ রেকর্ড করেছেন বলেও জানান তিনি।

