একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে রাস্তার বেহাল দশা—দুইয়ের জেরে মুম্বইয়ে নিত্যদিন সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত। ফলে যানজটও বেড়েছে।
পরিস্থিতি সামলাতে রাস্তা কংক্রিট করার জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রকল্প চলেছে। কিন্তু সেই কাজের মধ্যেই রাস্তার গর্ত নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে।
বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসির তথ্য অনুযায়ী, ১০ জুন থেকে ২০ আগস্টের মধ্যে রাস্তার খানাখন্দ নিয়ে ৮ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭,৮২৯টি অভিযোগের সমাধান করা হয়েছে বলে জানিয়েছে পুরসভা।
২০২২ সালে শুরু হওয়া রাস্তা কংক্রিট করার প্রকল্প এখনও চলছে। বর্ষার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় ৪৭৫ কিলোমিটার রাস্তা কংক্রিট করা হয়েছে বলে পুরসভার দাবি।
বিএমসির বক্তব্য, শুধু অভিযোগের সংখ্যা দেখে রাস্তার পরিস্থিতি বিচার করা উচিত নয়। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার গর্ত মেরামতে ব্যবহৃত ম্যাস্টিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
মুম্বইয়ের ২৬টি ওয়ার্ডের মধ্যে পূর্ব শহরতলিতে গর্ত নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি। গত বছরও বর্ষার সময় একই ছবি দেখা গিয়েছিল। ১৫ আগস্ট পর্যন্ত ৮,৬০০-র বেশি অভিযোগ পেয়েছিল বিএমসি। এ বছর সেই সংখ্যা কিছুটা কম হলেও সমস্যা পুরোপুরি মেটেনি।


