IPL থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন চলছে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। এই পরিস্থিতিতে বিতর্কের মাঝেও নিজের খেলা নিয়ে মনোযোগ ধরে রেখেছেন মুস্তাফিজুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে নিয়মিত ভালো বোলিং করছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দারুণ পারফরম্যান্স করেন মুস্তাফিজুর। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু মুস্তাফিজুরের আঁটসাঁট বোলিংয়ে তারা মাত্র পাঁচ রান তুলতে পারে। চার ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। ম্যাচের পর সামাজিক মাধ্যমে মুস্তাফিজুর জানান, দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি খুশি। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও মুস্তাফিজুরের প্রশংসা করে বলেন, IPL না খেলতে পারলেও তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন এবং এখন পুরো মনোযোগ বিপিএলে।


