বিহার বিধানসভা ভোটে বিজেপি জোটের সাফল্যের পর কংগ্রেসের ভিতরে সমালোচনা শুরু হয়। সেই আবহেই ভোট চুরি নিয়ে দেশে প্রচার চালানোর পর এবার বিদেশের মাটিতে সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে চাপে ফেলতে চাইছেন রাহুল গান্ধি।
জার্মানির রাজধানী বার্লিনে একটি আন্তর্জাতিক মঞ্চ থেকে কড়া ভাষায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বার্লিনের হেটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ভারতের সংবিধানই দেশের গণতন্ত্র, সমতা ও ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে পরিকল্পিতভাবে সেই সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে।
রাহুল গান্ধির অভিযোগ, বিজেপি একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করে সেগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাঁর মতে, এটি শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেও বিপজ্জনক। তিনি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। এই গণতন্ত্র দুর্বল হলে তার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও পড়বে। রাহুল আরও বলেন, বিজেপির রাজনীতিতে দেশের নাগরিকদের সমান অধিকার মানা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে বিরোধীদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বিরোধী কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তাঁর দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন রাহুল গান্ধি। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। আলোচনা শেষে রাহুল জানান, বিজেপির বিরুদ্ধে এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয়, বরং ভারতের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য।


