এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে পারবেন আগের ভোটাররাও। এই আবেদন করার জন্য তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। এমনই স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। ৩ নভেম্বর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে।কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি পেতে পারেন সেই সব ভোটার, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল, কিন্তু এসআইআরের খসড়া তালিকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন ফর্ম ৬ জমা দেওয়া নিয়ে তাঁদের একাংশের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। কারণ, এই ফর্মে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার সময় আবেদনকারীকে জানাতে হয় যে তিনি আগে ভোটার হিসেবে নথিভুক্ত নন। ফলে পুরনো ভোটারদের মনে প্রশ্ন ছিল, আগে নাম থাকা সত্ত্বেও নতুন করে আবেদন করলে তা কি মিথ্যা তথ্য দেওয়া বলে ধরা হবে?এই সমস্যার কথা মাথায় রেখেই কমিশন বিষয়টি পরিষ্কার করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগে ভোটার তালিকায় নাম থাকলেও এসআইআরের খসড়া তালিকায় তা বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ফর্ম ৬ জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই কারণে তাঁর আবেদনকে মিথ্যা ঘোষণা হিসেবে দেখা যাবে না। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা বা শাস্তি দেওয়ারও সুযোগ নেই।তবে এই নিয়মের ক্ষেত্রে একটি শর্ত রেখেছে কমিশন। কোনও আবেদনকারীর নাম যদি ইতিমধ্যেই অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকে, তাহলে তিনি এই বিশেষ আইনি সুরক্ষা পাবেন না। অর্থাৎ, একই সঙ্গে একাধিক কেন্দ্রে নাম রাখার সুযোগ দেওয়া হচ্ছে না।ফর্ম ৬ নিয়ে ভোটারদের বিভ্রান্তি দূর করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কমিশন ১৪ অক্টোবর দিল্লি হাই কোর্টে নিলোটপাল দত্ত মামলার পর্যবেক্ষণের কথাও চিঠিতে উল্লেখ করেছে। পাশাপাশি, দেশের বিভিন্ন ভাষায় এই নির্দেশের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।এসআইআরের খসড়া তালিকায় নাম না থাকা নিয়ে ইতিমধ্যেই বহু ভোটারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কমিশনের নতুন নির্দেশের ফলে পুরনো ভোটারদের নতুন করে নাম তোলার আবেদন করার পথ কিছুটা সহজ হল। তবে আবেদন করার আগে নিজের নাম অন্য কোনও কেন্দ্রের তালিকায় রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
Popular Categories


