সবেবরাত, রমজান আর ঈদ—এই ধর্মীয় সময়ের ঠিক আগেই এসআইআর (ভোটার তালিকা সংশোধন) শুনানিকে ঘিরে রাজ্যের বহু এলাকায় বাড়ছে অস্বস্তি। অভিযোগ, নোটিস পেয়ে অনেক মানুষকেই হিয়ারিং সেন্টারে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের নামে কাগজপত্র দেখানো, নানা প্রশ্নের মুখে পড়া—সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। ভিনরাজ্যে কাজ করা বহু মানুষ ঈদের সময় বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এসআইআর শুনানির নোটিস পাওয়ায় অনেকেই বাধ্য হয়ে আগেভাগেই গ্রামে ফিরছেন। শুনানি মিটিয়ে আবার কাজে ফিরতে হবে—এই দুশ্চিন্তায় পরিবারগুলির মধ্যেও চাপ বাড়ছে। অনেকের কথায়, এবছর ঈদে আর ঘরে ফেরা হবে না।
মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, বীরভূম-সহ একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় শুনানিকে ঘিরে বিক্ষোভও দেখা যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়িয়ে অভিযোগ তুলছেন, ভোটার যাচাইয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। ধর্মীয় উৎসবের মুখে এই পরিস্থিতিতে ক্ষোভ আর উদ্বেগ—দু’টিই বাড়ছে মানুষের মধ্যে।


