নিয়োগ–দুর্নীতির মামলায় গ্রেফতার ‘কালিঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। গত ১০ মাস ধরে তিনি অন্তর্বর্তী জামিনে বাড়িতে গৃহবন্দি অবস্থায় ছিলেন। শুক্রবার আদালত জানায়, তদন্ত চলাকালীন কলকাতার বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে এবং সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে।
তাছাড়া তাঁর মোবাইল নম্বরসহ যোগাযোগের সব তথ্য তদন্তকারী সংস্থাকে জমা রাখতে হবে। মামলার নথি বা তদন্তে কোনওভাবে হস্তক্ষেপ করা যাবে না—এই নির্দেশও দিয়েছে হাই কোর্ট। আদালতের শর্ত ভাঙা হলে জামিন বাতিলের আবেদন করা যেতে পারে। এই রায়ের পর মামলাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


