কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর মাঝেই আফ্রিকার এই দেশে টাটা কেমিক্যালসকে ব্যবসা বন্ধ করে দ্রুত তল্পিতল্পা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো। ভারতীয় এই বহুজাতিক সংস্থার ভূমিকা নিয়ে চরম উষ্মা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, “কেনিয়ার মানুষ কি কারও ক্রীতদাস?”
সংবাদ সংস্থা রয়টার্স মারফত জানা গিয়েছে, টাটাদের মাগাদি সোডা কারখানা থেকে সরিয়ে সেই জায়গায় দুটি নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। রাষ্ট্রপতির দাবি, দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে কাজিয়াদো অঞ্চলে ব্যবসা চালালেও স্থানীয় এলাকার কোনো উন্নয়ন করেনি টাটা। সেখানে না তৈরি হয়েছে কোনো বড় কারখানা, না বেড়েছে কর্মসংস্থান। উল্টে বাইরের বড় সংস্থাগুলি এসে আফ্রিকার মাটিকে শিকারক্ষেত্র বানিয়ে দেশীয় ছোট শিল্পের ক্ষতি করছে বলে অভিযোগ তাঁর।
মূলত কাচ ও বিভিন্ন রাসায়নিক তৈরির কাজে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট প্রস্তুত করত টাটাদের এই শাখাটি। তবে বিগত বেশ কিছু সময় ধরেই কেনিয়া প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছিল ভারতীয় এই সংস্থার। রুটো স্পষ্ট জানিয়েছেন, নতুন যে সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা স্থানীয় এলাকাতেই বিশাল কাচের কারখানা ও রাসায়নিক শিল্প গড়ে তুলবে।
কেনিয়ার প্রেসিডেন্টের এই চরম হুশিয়ারি ও কারখানা বন্ধের নির্দেশের পর বিশ্ব বাণিজ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই তীব্র আক্রমণের জবাবে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


