সপ্তম দফায় ভোট গ্রহণের মাধ্যমে আজ শেষ হতে চলেছে ১৮তম লোকসভা নির্বাচন। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।
এর মধ্যে রয়েছে বিহারের আটটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার ছয়টি, পাঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসন। এদিন পঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনেই ভোটগ্রহণ চলছে।
শনিবার সকালে এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী লেখেন, আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা, যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে তুলি।
শেষ দফায় বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী আসন), অনুরাগ ঠাকুর (হামিরপুর আসন), রবিশঙ্কর প্রসাদ (পাটনা সাহিব আসন)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর আসন) ও সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া আসন) ও মণীশ তিওয়ারি (চণ্ডীগড় আসন)।


