ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব বিপুল ভোটে পাস হলো জাতিসংঘের সাধারণ পরিষদে।
প্রস্তাবটির ওপর শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ। এছাড়াও ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
যদিও সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। এটি শুধুমাত্র একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে খারিজ হয়ে গিয়েছিল।
এই প্রস্তাব পাসের ফলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা।
ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে বিশ্ব। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে। তবে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেছেন, জাতিসংঘ এখন ‘সন্ত্রাসী একটি রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।


