“দিল্লি চলো” বিক্ষোভের তৃতীয় দিনেও পুলিশি বাঁধা ও হামলার মুখেও শম্ভুতে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে জড়ো হয়েছেন কৃষকেরা।
সম্মিলিত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার নেতৃত্বে কৃষকদের একটি দল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তৃতীয় দফা আলোচনা করবে বলে জানা গেছে।
ওই বৈঠকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই চণ্ডীগড় উপস্থিত থাকবেন। কৃষকদের ২১ দফা দাবির মধ্যে আছে, কৃষিপণের নূন্যতম মূল্য নিশ্চিত করার আইন, এমএস স্বামীনাথন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন।
তৃতীয় দফায় আলোচনা সফল না হলে পদযাত্রা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা। এদিকে প্রতিবাদের অংশ হিসাবে একদল কৃষক বৃহস্পিতবারও পাঞ্জাবে ট্রেন অবরোধ করেছে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ যুক্ত কিষাণ মোর্চা শুক্রবার সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে। কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিন।
“বিজেপি সরকার কৃষকদের সংগ্রামকে দমন করতে যুদ্ধক্ষেত্রের চেয়েও খারাপ পরিবেশ তৈরি করেছে,” বলে উল্লেখ করেন তিনি।


