সনাতন ধর্মকে অপমানের অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।
বুধবার মাদ্রাজ হাই কোর্ট ডিএমকের অন্য দুই নেতা শেখর বাবু এবং আন্দিমুথু রাজাকে সাংবিধানিক পদ থেকে বরখাস্তের দাবিও খারিজ করে দিয়েছে।
এর আগে উদয়নিধি এবং শেখরকে তামিলনাড়ুর মন্ত্রিসভা থেকে এবং রাজাকে সাংসদ পদ থেকে বরখাস্ত করতে আদালতে পিটিশন দায়ের করা হয় মাদ্রাজ হাইকোর্টে।
পিটিশনটি দায়ের করে হিন্দু মু্ন্নানি নামে একটি সংগঠনের সদস্য।
উল্লেখ্য, চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা উদয়নিধি বলেন, ‘‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সনাতন ধর্মের আদর্শের বিরোধিতা না বলে তাকে নিশ্চিহ্ন করার কথা বলায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী।’’


