জম্মু-কাশ্মীরে ৫০০ বছরের পুরনো মন্দিরে যাওয়ার জন্য রাস্তা তৈরিতে জমি দান করে অনন্য নজির স্থাপন করে সম্প্রীতির বার্তা দিয়েছেন দুই মুসলিম যুবক।
ওই দুই যুবকের নাম গোলাম রসুল ও গোলাম মুহম্মদ। তারা রেয়াসি জেলার খেরাল পঞ্চায়েতের বাসিন্দা। তারা মন্দিরের রাস্তা নির্মাণের সুবিধার্থে চার কানাল জমি দান করেছেন। জমির আনুমানিক মূল্য ১ কোটি রুপির বেশি।
রেয়াসির জেলা প্রশাসক বিশেষ পাল মহাজন বলেন, ‘এইভাবে সমাজকে সম্পূর্ণ সম্প্রীতির দিকে পরিচালনার নেতৃত্ব দেওয়া উচিত। জমির বিষয়ে আমি বিস্তারিত চেয়েছি। মন্দিরের রাস্তা নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন তহবিল সরবরাহ করবে।’
এ ব্যাপারে গোলাম রসুল বলেন, কিছু ব্যক্তি রাস্তার সমস্যার জেরে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা ভেবেছিলাম মন্দিরের কোনো রাস্তা নেই। যদি আমাদের জমি দান করি তবে রাস্তাটি তৈরি করা যেতে পারে।


