লোকসভা নির্বাচনের আগে গত জানুয়ারিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে খোশ মেজাজে ছিল বিজেপি। সেকারণে বিশ্লেষকদের ধারণা ছিল রামমন্দির যে এলাকায় অবস্থিত সেই অযোধ্যার ফৈজাবাদ আসনটি সহজেই জিতে নিবে বিজেপি।
কিন্তু গতকাল মঙ্গলবার ভোট গণনার পর পাওয়া গেল ঠিক তার উল্টো চিত্র। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে হেরে গেছেন বিজেপির লাল্লু সিং। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে টানা দুবার জয়ী হয়েছিলেন লাল্লু।
পুরো উত্তর প্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে। অথচ সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকের বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
ফৈজাবাদে হেরে যাওয়ার পর বিজেপির প্রার্থী লাল্লু সিং বলেন, ‘আমি আপনাদের এবং অযোধ্যার সম্মান রক্ষা করতে পারিনি। নিশ্চয়ই আমার মধ্যে কোনো কমতি ছিল। অযোধ্যার লোকসভা আসনে মাদের জিততে না পারার নিশ্চয়ই কিছু কারণ আছে।’


