দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী এবং ভারতরত্ন প্রাপক অধ্যাপক সিএনআর রাওকে ভোটার তালিকায় নামের বানান সংক্রান্ত সমস্যার কারণে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। ৯২ বছর বয়সি এই বিজ্ঞানীর নাম কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার সময় চিহ্নিত করা হয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য তাঁকে ব্যক্তিগত ভাবে শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভোটার তালিকার পুরনো ও নতুন নথিতে সিএনআর রাওয়ের নামের বানানে সামান্য পার্থক্য রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম লেখা ছিল ‘Prof C N R Rao’। কিন্তু বর্তমান ভোটার তালিকায় নামটি রয়েছে ‘Proff CNR Rao’। অর্থাৎ, বর্তমান নথিতে ‘Professor’ শব্দের সংক্ষিপ্ত রূপে একটি অতিরিক্ত ‘f’ যুক্ত হয়েছে।
SIR-এর সময় ভোটারদের দেওয়া তথ্য পুরনো ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সেই তথ্য বর্তমান তালিকার সঙ্গে না মিললে সংশ্লিষ্ট ব্যক্তির নাম যাচাইয়ের জন্য আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। এই নিয়মের আওতায়ই সিএনআর রাওকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে কর্নাটকের মল্লেশ্বরম এলাকায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স বা IISC-এর কাছাকাছি নির্দিষ্ট জায়গায় শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, যে ব্যক্তির নামে নোটিস জারি হয়েছে, সাধারণত তাকেই শুনানিতে উপস্থিত থাকতে হয়।
একজন প্রবীণ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীর নাম শুধুমাত্র বানানের সামান্য পার্থক্যের কারণে শুনানির জন্য চিহ্নিত হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে এই প্রক্রিয়াকে ভোটার তালিকার তথ্য যাচাইয়ের নিয়মিত অংশ হিসেবেই দেখা হচ্ছে।
সিএনআর রাও দেশের বিজ্ঞান জগতের অত্যন্ত পরিচিত নাম। গবেষণায় তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পাওয়া বিজ্ঞানীদের মধ্যে তিনি তৃতীয়। বিভিন্ন ক্ষেত্রে গবেষণার পাশাপাশি বিজ্ঞানের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিকে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও একই ধরনের বানান সংক্রান্ত অমিলের কারণে চিহ্নিত হয়েছিল বলে জানা গিয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তাঁকে শুনানিতে ব্যক্তিগত ভাবে উপস্থিত থাকার নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
ভোটার তালিকার তথ্য সংশোধন ও যাচাইয়ের কাজের মধ্যেই একের পর এক বিশিষ্ট ব্যক্তির নাম এভাবে সামনে আসায় SIR প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সিএনআর রাওয়ের ক্ষেত্রে শুনানির পরই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানা গিয়েছে।


