পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী দিয়ার মির্জা। দীপাবলিতে পরিবেশবান্ধব উৎসব পালনের পাশাপাশি প্রকাশ্যে বাজি না ফাটানোর আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভিডিও ঘিরে আপত্তি ওঠার পর তা সরিয়ে দেয় বৃহন্মুম্বই পুরসভা। এবার সেই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ভিডিওটি ফের সমাজমাধ্যমে প্রকাশ করার নির্দেশ দিল বম্বে হাই কোর্ট। একই সঙ্গে আদালতের বক্তব্য, পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ধর্মীয় বিতর্কের মধ্যে টেনে আনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।মঙ্গলবার বিচারপতি গিরিশ কুলকার্নি ও বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করে। আদালত জানায়, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। পরিবেশের দূষণ কোনও নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মানুষের সমস্যা নয়। বায়ু ও শব্দদূষণের প্রভাব সকলের উপরেই পড়ে। তাই পরিবেশ রক্ষার বার্তাকে ধর্মের ভিত্তিতে বিচার করা উচিত নয়।বৃহন্মুম্বই পুরসভার একটি সচেতনতামূলক ভিডিওতে দিয়ার মির্জাকে দেখা গিয়েছিল। সেখানে তিনি হাই কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে সাধারণ মানুষকে রাস্তায় বাজি না ফাটানোর আবেদন জানান। কিন্তু মুম্বই বিজেপির সভাপতি অমিত সাতম ওই ভিডিও নিয়ে আপত্তি জানান। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভার সমাজমাধ্যমের পাতা থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। অথচ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং ক্রিকেটার অজিঙ্ক রাহানের মতো পরিচিত মুখদের অন্য সচেতনতামূলক ভিডিও তখনও সেখানে ছিল।এই ঘটনা নিয়ে আপত্তি জানান মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। তাঁর অভিযোগ, দিয়া মির্জা বরাবরই হিন্দু ধর্ম ও সরকারের বিরোধিতা করেন। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রাণেও অভিনেত্রীর সমালোচনা করেন। তাঁর বক্তব্য, দিয়া শুধু দীপাবলি নিয়ে পরিবেশ রক্ষার কথা বলেন, কিন্তু ঈদ, মহরম বা বকরি ঈদের সময় একই ধরনের আবেদন করেন না। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তোলার কথাও জানান তিনি।রাজনৈতিক নেতাদের এই মন্তব্য নিয়েই অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণ, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। আদালত আরও জানায়, কোনও ব্যক্তির ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে তাঁকে অসম্মান করা যায় না। সংবিধানও নাগরিকদের মধ্যে ধর্মনিরপেক্ষ মনোভাব বজায় রাখার কথা বলে।আদালতের নির্দেশ, পুরসভাকে দিয়ার মির্জার ভিডিওটি ফের আপলোড করতে হবে। পাশাপাশি মুম্বইয়ের মতো শহরে পারস্পরিক সম্মান ও একসঙ্গে থাকার মনোভাব বজায় রাখার উপরেও জোর দিয়েছে আদালত।
‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ
Popular Categories


