দীপাবলিতে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ছত্তিশগড়ের বস্তারে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু উৎসবের মঞ্চ থেকেই ফের ‘দিমাগি নকশাল’ প্রসঙ্গ তুলে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য এলেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের মধ্যে এখনও নকশালপন্থী মানসিকতার লোকজন সক্রিয় রয়েছে। তাঁদের চিহ্নিত করে মোকাবিলা করা প্রয়োজন।রবিবার সকালে বস্তারের করণপুরে সিআরপিএফের বিশেষ বাহিনী কোবরার শিবিরে যান মোদি। সেনাবাহিনীর পোশাক পরে জওয়ানদের সঙ্গে সময় কাটান তিনি। তাঁদের মিষ্টি খাইয়ে দীপাবলির শুভেচ্ছাও জানান। এরপরই বক্তব্য রাখতে গিয়ে দেশের নিরাপত্তা এবং মাওবাদী সমস্যা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।মোদি বলেন, দেশ থেকে সশস্ত্র নকশালবাদকে অনেকটাই সরানো সম্ভব হয়েছে। কিন্তু অন্য একটি সমস্যা এখনও রয়ে গিয়েছে। তাঁর কথায়, কিছু মানুষ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের মধ্যে জায়গা করে নিয়ে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এদেরই তিনি ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেন। দেশের নিরাপত্তার স্বার্থে এই ধরনের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানান তিনি।এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়ও একই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় তাঁর বক্তব্যের নিশানায় তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি-দের আন্দোলন ছিল বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকারের সিদ্ধান্তের সমালোচনা কিংবা প্রতিবাদে সামিল হওয়া মানুষদের বিরুদ্ধে এই ধরনের তকমা ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বিতর্ক সামনে এসেছে।প্রধানমন্ত্রীর এ দিনের বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সমাজমাধ্যমে লিখেছেন, দীপাবলির মতো একটি দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীদের দাবিকে একসময় ‘আরবান নকশাল’ বলে কটাক্ষ করলেও পরে সেই দাবির কিছু অংশ সরকারকেই মেনে নিতে হয়েছে।জয়রাম রমেশের বক্তব্য, ২০২৪ সালে জাতিভিত্তিক জনগণনার দাবি তোলায় বিরোধীদের ‘আরবান নকশাল’ বলা হয়েছিল। অথচ ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার নিজেই জাতিভিত্তিক জনগণনা করার ঘোষণা করে। একই ভাবে ২০২০ সালে তিনটি কৃষি আইনের বিরোধিতা করা কৃষকদেরও নকশালপন্থী মানসিকতার বলে আক্রমণ করেছিলেন মোদি। পরবর্তী সময়ে সেই তিনটি আইনই প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র।কংগ্রেসের দাবি, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা বা কোনও সিদ্ধান্তের বিরোধিতা করলেই কাউকে নকশালপন্থী বলে দাগিয়ে দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পক্ষে উদ্বেগজনক। মোদির মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
দীপাবলির অনুষ্ঠানে ‘দিমাগি নকশাল’ প্রসঙ্গ মোদির মুখে! সরকারের বিরোধিতা করলেই কী দিমাগি নকশাল, প্রশ্ন বিরোধীদের
Popular Categories


