২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা হারানোর দাবি করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। কেরলের কোচিতে এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।দীপকের বক্তব্য, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হল নির্বাচন। তাই এখন থেকেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তিনি। তাঁর কথায়, জ্ঞানেশ কুমার পদ ছাড়লে নরেন্দ্র মোদির সরকারও ক্ষমতা হারাবে।বক্তব্যে দিল্লির যন্তরমন্তরে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়ার ঘটনাও তুলে ধরেন দীপক। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, ব্যক্তিগত জীবন এবং ভোটাধিকার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমেও নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার অভিযোগ করেন তিনি।মোদি সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা টেনে দীপক বলেন, দেশে প্রতিবাদ করার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। বক্তব্যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও বি আর আম্বেদকরের আদর্শের কথাও উল্লেখ করেন তিনি। এই কর্মসূচিতে বিভিন্ন যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।
Popular Categories


