এসএসসি বা সরকারি চাকরিকে জীবনের একমাত্র লক্ষ্য না করে স্বনির্ভর হয়ে ওঠার বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মঞ্চ থেকে পড়ুয়াদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
প্রাক্তন সরকারের আমলে বন্ধ হয়েছে একাধিক সরকারি চাকরির পরীক্ষা। পরিবর্তনের বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি মিলেছে সরকারি চাকরির। কিন্তু সরকার চাকরি বা এসএসসি বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার ওপর একমাত্র মুখাপেক্ষী হয়ে না থাকার বার্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
তাঁর মতে, চাকরির পরীক্ষার অপেক্ষায় থাকা কোনও অপরাধ নয়। কিন্তু তার পাশাপাশি গান, ছবি আঁকা, সাহিত্য বা অ্যানিমেশনের মতো বিষয়গুলি চর্চার মাধ্যমে নিজেকে নিয়োগযোগ্য করে তোলাই আসল কথা।


