ক্রিকেট খেলায় জিতে আনন্দ করছিল ১৫ বছর বয়সী এক কিশোর। এ সময় পরাজিত দলের এক খেলোয়ার এসে তার মাথায় ব্যাট দিয়ে আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার ভাওয়ানি মান্দি টাউনে।
নিহত ওই কিশোরের নাম প্রকাশ সাহু। রাজস্থান টেক্সটাইলস মিলস লেবার কলোনিতে সে পরিবারের সঙ্গে থাকত। পুলিশ ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ওই কিশোরকে হত্যার দায়ে অভিযুক্ত মুকেশ মিনা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেও একই কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত প্রকাশ সাহু দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত মুকেশ মিনা বিএ চূড়ান্ত বর্ষে পড়তেন। প্রতিদিন কলোনির মাঠে ক্রিকেট খেলত তারা। বিকেলে খেলায় জয়লাভের পর সতীর্থদের নিয়ে উল্লাস করছিল প্রকাশ। আর এতে রেগে গিয়ে ব্যাট নিয়ে তার দিকে তেড়ে গিয়ে মাথায় আঘাত করে মুকেশ। দ্রুত প্রকাশকে স্থানীয় কোটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মুকেশ মিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের সার্কেল ইন্সপেক্টর মঙ্গিলাল যাদব।


