‘বিগ বস ১৬’-এর জনপ্রিয় প্রতিযোগী ও সোশ্যাল মিডিয়া তারকা আব্দু রোজিককে দুবাই বিমানবন্দরে আটক খবর সামনে আশায় উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুগামীদের মধ্যে। তবে তার ম্যানেজমেন্ট সংস্থা ‘এস-লাইন প্রোজেক্ট’ জানিয়েছে, তাকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, আব্দু প্রয়োজনীয় সব ব্যাখ্যা দিয়েছেন এবং তাকে কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়। আজকেই তিনি দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
মিডিয়ায় যেসব খবর ঘুরছে, তা মিথ্যা বলেও দাবি করেছে ম্যানেজমেন্ট। তাদের স্পষ্ট বক্তব্য, “আব্দুর ভাবমূর্তি নষ্ট করার জন্য যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব।” জানা গিয়েছে, শনিবার ভোর ৫টার সময় মন্টেনেগ্রো থেকে দুবাইয়ে নামার পর আব্দুকে আটক করা হয়। যদিও দুবাইয়ের প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।ম্যানেজমেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, “তাকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল, তবে এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”


