অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের দিলীপ বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে অনেকের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে সবাই সরকারি সুবিধা পাবেন। তাঁর দাবি, সরকারি প্রকল্পের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী যাঁরা যোগ্য, শুধু তাঁরাই সুবিধা পাবেন। সবাইকে আর্থিক সাহায্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্নপূর্ণা যোজনার টাকা ১৭ আগস্ট থেকে দেওয়ার কথা থাকলেও অনেক যোগ্য ব্যক্তি টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় এই নিয়ে পথ অবরোধ ও প্রতিবাদ শুরু হয়েছে।
শুক্রবার মেদিনীপুরে গিয়ে একই প্রশ্নের মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্থানীয় কয়েকজন মহিলা তাঁকে জানান, তাঁরা এখনও অন্নপূর্ণার টাকা পাননি। পরে মেদিনীপুর কালেক্টরেটেও বিক্ষোভের মুখে পড়েন তিনি।
অগ্নিমিত্রা বলেন, সমস্যার কথা এসডিও অফিসে লিখিতভাবে জানাতে হবে। আবেদন যাচাই ও অনলাইনে নথিভুক্ত করতে কিছুটা সময় লাগতে পারে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে এবং এর পিছনে তৃণমূল ঘনিষ্ঠ কিছু মানুষের ভূমিকা রয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনবেন বলেও জানান তিনি।
তবে দিলীপের কথায়, কেন্দ্র ও রাজ্য—দুই সরকারই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালায়। প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট যোগ্যতা ঠিক করা থাকে। তাই সেই শর্ত পূরণ করলেই সুবিধা পাওয়া যাবে।


