নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’–এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার বেআইনি ছিল উল্লেখ করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বুধবার বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতা রায়ে বলেন, ইউএপিএ আইনে যেভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, তা আইনসম্মত ছিল না।
নিম্ন আদালতে প্রবীর পুরকায়স্থ জামিন বন্ড জমা দেওয়ার পরেই তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
প্রবীরের হয়ে সুপ্রিম কোর্টে শুনানি করেন আইনজীবী কপিল সিব্বাল।
চীনা সংস্থা থেকে টাকা নিয়ে ভারত সরকারের বিরোধিতার অভিযোগে তাকে গত বছরের ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। দেশদ্রোহিতার অভিযোগে সেই থেকে তিনি ছিলেন তিহার জেলে বন্দী।
সে সময় প্রবীরের সঙ্গে পোর্টালের মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়েছিল।


