এবার অসমের ধুবড়ি, বরপেটা ও মানকাচার জেলার বহু মুসলিম শ্রমিক, যাঁরা হরিয়ানার গুড়গাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন, তাদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে হরিয়ানা পুলিশ। অথচ জানা গিয়েছে তাদের কাছে বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রত্যেকটা নথি রয়েছে।
এই ঘটনা খতিয়ে দেখতে এবং আটক শ্রমিকদের মুক্ত করতে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর তিনজন বিধায়ক গেছেন হরিয়ানায়। জনিয়া সমষ্টির বিধায়ক ড. হাফিজ রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক শ্রমিকরা সবাই ভারতীয় নাগরিক এবং অসমের স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে কোনও মামলা বা অভিযোগ নেই, অথচ পুলিশ তাদের জোর করে আটকে রেখেছে। অন্যদিকে গুড়গাঁওয়ের বিভিন্ন জায়গায় এখনও কয়েকজন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক আটক রয়েছেন। ড. রফিকুল ইসলাম জানান, হরিয়ানা পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে এবং আরও শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


