কলকাতার বেলেঘাটায় বিজেপির একটি পার্টি অফিসে ১৭ বছরের এক নাবালককে আটকে রেখে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় তিন মহিলা-সহ মোট চারজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে বেলেঘাটা থানার পুলিশ। অভিযুক্তরা প্রত্যেকেই স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত। একটি পার্টি অফিসের দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই গোষ্ঠীসংঘাতের মধ্যেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার উড়িয়াপাড়ায় একটি ছোট পার্টি অফিস রয়েছে। একসময় সেখানে ‘ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি ক্লাব চলত। পরে সেটি তৃণমূলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপির একটি গোষ্ঠী ওই কার্যালয়ের দখল নেয়। কিন্তু দলের অন্য একটি গোষ্ঠীও সেটি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিল। এই নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।অভিযোগ, গত ২২ নভেম্বর দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ায়। রাত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। সেই রাতেই পার্টি অফিসে এক নাবালকের উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।পুলিশকে দেওয়া অভিযোগে ১৭ বছরের ওই কিশোর জানিয়েছে, রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ব্যক্তিগত কাজে ওই পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে তাকে ডেকে নেওয়া হয়। এরপর নবকুমার মণ্ডল নামে এক ব্যক্তি দরজা বন্ধ করে দেন। কিশোরের অভিযোগ, ভিতরে উপস্থিত তিন মহিলা তার উপর যৌন নির্যাতন চালান। সে বাধা দেওয়ার চেষ্টা করলে নবকুমার তাকে চেপে ধরেন। সেই সময় ওই তিন মহিলা তার শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করেন বলেও অভিযোগ।কিশোরের চিৎকার শুনে পরিচিত দুই মহিলা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন, অর্থাৎ ২৩ নভেম্বর চিকিৎসার নথি নিয়ে থানায় অভিযোগ জানায় সে।লালবাজার সূত্রে জানা গিয়েছে, আভা পাণ্ডে, সোমা দাস, নবকুমার মণ্ডল ও হেনা শূরের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ধারাগুলির ক্ষেত্রে সাত বছরের কম সাজা হওয়ার বিধান থাকায় আপাতত অভিযুক্তদের আইনি নোটিশ পাঠানো হচ্ছে।ঘটনা সম্পর্কে বিজেপির কলকাতা উত্তর জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। অন্যদিকে, স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
Popular Categories


