SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের সম্পর্কে নতুন করে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই কাজ করতে এবার মাঠে দেখা গেল রাজ্য পুলিশের আধিকারিকদের। হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকায় এক পুলিশ আধিকারিককে ভোটারদের নাম ও নথিপত্র যাচাই করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, আগেরবার এই কাজের দায়িত্বে ছিলেন বুথ লেভেল অফিসার (BLO) বা বিএলওরা। এবার পুলিশের হাতে সেই দায়িত্ব কেন দেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার উনসানি এলাকায় একটি জায়গায় বসে ভোটার তালিকা মিলিয়ে তথ্য সংগ্রহ করছিলেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি কয়েকটি বাড়িতে গিয়েও বাসিন্দাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পুলিশ সূত্রের দাবি, রাজ্য পুলিশের তরফে থানাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। SIR প্রক্রিয়ায় যাঁদের নাম নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।তবে এই বিষয়ে জেলার নির্বাচন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের মাধ্যমে এমন কোনও তথ্য সংগ্রহের নির্দেশের কথা তাঁদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, SIR-এ বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একাধিক মামলা চলছে। বিরোধী দলগুলিও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলন চালাচ্ছে। তার মধ্যেই পুলিশের এই তথ্য সংগ্রহের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরেও তাঁদের নাম বাদ পড়ার তালিকায় রয়েছে। নতুন করে পরিচয়পত্র ও অন্যান্য নথি চাওয়া হচ্ছে বলে তাঁরা উদ্বিগ্ন। এক বাসিন্দা জানিয়েছেন, তিনি পরিবারের সদস্যদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের পাসবুকের প্রতিলিপি জমা দিয়েছেন। তারপরেও তাঁদের নাম তালিকায় থাকবে কি না, তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না।আরও একটি বিষয় নিয়ে আপত্তি রয়েছে বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, পুলিশ আধিকারিকরা নথি সংগ্রহ করলেও জমা দেওয়ার কোনও লিখিত প্রমাণ দেওয়া হচ্ছে না। ফলে অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র দিতে ভয় পাচ্ছেন। কেউ কেউ নথি জমা না দিয়েই ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে SIR-এর তথ্য যাচাইয়ের দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। নির্বাচন দফতরের তরফে বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর অধরাই থেকে যাচ্ছে।
হাওড়ায় SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ, নির্বাচন কমিশন কে না জানিয়ে এবার তাঁদের তথ্য সংগ্রহে নামল পুলিশ!
Popular Categories

