সন্দেশখালির আন্দোলনের হাত ধরেই রাজ্য রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। সেই পরিচিতি তাঁকে পৌঁছে দিয়েছিল লোকসভা নির্বাচনের ময়দানে। পরে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়কও হন তিনি। কিন্তু রাজনৈতিক জীবনে এই উত্থানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও এবার সামনে এল নানা অভিযোগ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই রেখা পাত্রের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। বউমা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ছেলেকে মারধরের অভিযোগ তুলেছেন শ্বশুর ধীরেন পাত্র। একই সুর শোনা গিয়েছে শাশুড়ি অনুপমা পাত্রের কথাতেও।এক সময় সন্দেশখালির ছোট্ট বাড়িতেই সংসার ছিল রেখা পাত্রের। তাঁর স্বামী সন্দীপ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। ২০২৪ সালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে আন্দোলন শুরু হলে সামনে আসেন রেখা। আন্দোলনের জেরে বিজেপির কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ওই বছর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। যদিও নির্বাচনে জয় পাননি রেখা। পরবর্তী সময়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি।তবে রাজনৈতিক জীবনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয়দের একাংশের দাবি, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই সন্দেশখালির শ্বশুরবাড়িতে যাতায়াত কমিয়ে দেন রেখা। বিধায়ক হওয়ার পর সেই যোগাযোগ আরও কমে যায়।রেখার শ্বশুর ধীরেন পাত্রের অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখা এবং তাঁর বাপের বাড়ির লোকজন মারধর করতেন। সেই কারণেই সন্দীপকে হিঙ্গলগঞ্জ ছেড়ে সন্দেশখালিতে ফিরে আসতে হয়েছে। ধীরেনের আরও দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে রেখার কোনও যোগাযোগ নেই। সংসার চালানোর মতো অবস্থাও তাঁদের নেই। তাঁর স্ত্রী অসুস্থ হলেও দেখাশোনা করার কেউ নেই। একই অভিযোগ করেছেন রেখার শাশুড়ি অনুপমা পাত্র। তাঁর কথায়, বউমার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক বা যোগাযোগ নেই। অন্যদিকে, প্রায় দু’মাস ধরে সন্দীপ হিঙ্গলগঞ্জের ফ্ল্যাটে নেই বলেও জানা গিয়েছে।এদিকে, গত ২১ নভেম্বর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক রেখা পাত্র। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে বসিরহাট হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তাঁর শরীরে কীটনাশক প্রবেশ করেছিল। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ থাকলেও চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।তবে কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ পৌঁছল, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। বিরোধীদের প্রশ্ন, খাবারে বিষক্রিয়া হয়ে থাকলে সেই খাবার খাওয়া অন্যদের শারীরিক অবস্থা কেমন? ঘটনার তদন্তের জন্য ওই খাবার সংরক্ষণ করে পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে রেখার অসুস্থতার পাশাপাশি তাঁর পারিবারিক সম্পর্কের টানাপড়েনও এখন আলোচনায়।
পারিবারিক অশান্তির জেরে স্বামীকে মারধর! বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্বশুরের
Popular Categories


