দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার মধ্যেই এবার পূর্ব দিল্লির একটি ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন মহিলা। ইতিমধ্যে দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২২ বছর। তিনি দিল্লির কারকারদুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কাজ করতেন। অভিযুক্তরাও ওই ক্যাফেরই কর্মী। গত সোমবার রাতে পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন তরুণী। সেখানেই তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ক্যাফেটি সাধারণত রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ হয়ে যায়। তবে অভিযুক্তদের মধ্যে একজনের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ হওয়ার পরেও তাঁরা ভিতরে ঢুকতে পেরেছিলেন। এরপর সেখানে মদ্যপান ও নাচগান করে পার্টি শুরু হয়। রাত প্রায় ৩টে পর্যন্ত চলে সেই অনুষ্ঠান।
নির্যাতিতার অভিযোগ, পার্টি চলাকালীন দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। এই ঘটনায় বাকি সহকর্মীরাও তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লি ও আশপাশের এলাকায় মহিলাদের উপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও পুলিশের পরিচয় দিয়ে, আবার কোথাও চলন্ত বাসে নাবালিকাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালতও।
সম্প্রতি দিল্লির অপরাধ পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ভয়াবহতার প্রসঙ্গ টেনে আদালত জানিয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলিও একই ধরনের উদ্বেগ তৈরি করছে। পুলিশের নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ।
আদালতের প্রশ্ন ছিল, পর্যাপ্ত নজরদারি না থাকলে শুধু সিসিটিভি বসিয়ে কীভাবে অপরাধ আটকানো সম্ভব? অপরাধের উপর নজর রাখতে পুলিশের বিশেষ ব্যবস্থা বা কন্ট্রোল রুম কতটা কার্যকর, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এই প্রশ্নের দেড় মাসের মধ্যেই ফের এমন অভিযোগ সামনে আসায় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


