দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে এবার ভিন্ন সুরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কে কী খাবেন, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি ও পুজোর রীতিনীতিকে সামনে রেখে এই ধরনের বিতর্ক থেকে রাজনৈতিক দলগুলিকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।দিলীপ ঘোষ বলেন, তিনি নিজে মাছ ছাড়া অন্য কিছু খান না। তবে অন্য কেউ কী খাবেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়। তাঁর মতে, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সঙ্গে পাঠা বলির মতো বহু পুরনো রীতি জড়িয়ে রয়েছে। সেই মাংস অনেক জায়গায় প্রসাদ হিসেবেও গ্রহণ করা হয়। তাই পুজোর সময়ে মাছ-মাংস খাওয়া নিয়ে নতুন করে প্রশ্ন তোলা অর্থহীন।নিরামিষ খাবার নিয়ে সাধু-সন্তদের বক্তব্য প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, অনেকে স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিরামিষ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই পরামর্শকে সবার উপর চাপিয়ে দেওয়া যায় না। বাগেশ্বর বাবার কাছে যাঁরা যান, তাঁদের প্রত্যেকেই যে নিরামিষভোজী, এমন নিশ্চয়তা কেউ দিতে পারবেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। স্বামী বিবেকানন্দের বক্তব্যের উল্লেখ করে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার সঙ্গে আমিষ খাবারের সম্পর্কের কথাও তুলে ধরেন দিলীপ।একই সঙ্গে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তাঁর দাবি, দুর্গাপুজো মূলত সমাজের উৎসব। একসময় রাজা-জমিদাররা পুজোর আয়োজন করলেও পরে তা সর্বজনীন রূপ নেয়। ফলে সরকারি অর্থ দিয়ে বড় পুজো আয়োজন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।দিলীপের বক্তব্য, যেসব পুজো কমিটির আর্থিক সামর্থ্য রয়েছে এবং কোটি কোটি টাকা খরচ করে উৎসব হয়, তাদের সরকারি সাহায্য নেওয়ার দরকার নেই। তবে কোনও প্রত্যন্ত এলাকার ছোট পুজো অর্থের অভাবে আয়োজন করতে না পারলে সরকার সাহায্য করতে পারে। সরকারি অনুদান প্রত্যাখ্যান করার আহ্বানে যাঁরা সাড়া দিচ্ছেন, তাঁদেরও প্রশংসা করেন তিনি।এছাড়াও পর্যটন দফতর এবং প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ। তাঁর মতে, সরকারি দফতরের আধিকারিকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। পুরনো রাজনৈতিক সংস্কৃতির প্রভাব এখনও কোথাও কোথাও রয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেষে আসন্ন উপনির্বাচন নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পথে এগিয়ে গিয়েছেন এবং আগামী দিনেও সেই সমর্থন বজায় থাকবে। উপনির্বাচনেও তাঁর দল বিপুল ভোটে জয় পাবে বলে আশাবাদী তিনি।
‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Popular Categories


