কলকাতা পুলিশের পূর্ব বিভাগের (ডিসি ইস্ট) অফিসে আর্থিক অনিয়মের অভিযোগে এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে প্রায় ৫১ লক্ষ টাকার গরমিলের তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আনন্দপুর থানায় দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন ডিসি অফিসের হেড ক্লার্ক পুলকেন্দ্র ঘোষ। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা থাকতে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, গত কয়েক বছরে থানা ও সরকারি অফিসের জন্য বরাদ্দ অর্থে কম্পিউটার, এসি, টিভি-সহ বিভিন্ন সরঞ্জাম কেনার কথা দেখানো হলেও, কিছু জিনিস নাকি সরকারি দপ্তরের বদলে কয়েকজন পুলিশ আধিকারিকের বাড়িতে পৌঁছেছে। পাশাপাশি, একাধিক ক্ষেত্রে ভুয়ো বিল দেখিয়ে সরকারি টাকা তোলার অভিযোগও উঠেছে।
অডিট চলাকালীন এই অনিয়ম ধরা পড়ে। তদন্তে দেখা যায়, কিছু বিল যেসব সংস্থার নামে জমা দেওয়া হয়েছিল, তাদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই বিলের ভিত্তিতে তোলা অর্থের একটি অংশ পুলকেন্দ্র ঘোষের পরিবারের কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তিগত কাজের খরচ সরকারি অফিসের কাজ বলে দেখিয়ে সরকারি তহবিল থেকে মেটানো হয়েছে।
পুলিশের দাবি, এই ঘটনায় একটি বড় চক্র জড়িত থাকতে পারে। তাই যাঁরা সংশ্লিষ্ট বিল অনুমোদন করেছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজন অনুযায়ী আরও পদক্ষেপ করা হতে পারে।


