মালদার একটি সরকারি হোম থেকে পালিয়ে গিয়েছে এক ১৫ বছরের নাবালিকা। শনিবার সকালে খবর ছড়াতেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। ঘটনাটি মালদা শহরের বিএলআরও অফিসের পাশে থাকা সরকারি হোম ‘চাইল্ড কেয়ার ইনস্টিটিউট’-এর। হোমটি তিনতলা, চারপাশে ছয় ফুট উঁচু পাঁচিল এবং বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী। এত নিরাপত্তার পরেও কীভাবে ওই নাবালিকা পালিয়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা ওই নাবালিকা দশদিন আগে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করে। আদালতের নির্দেশে তাকে রাখা হয় সরকারি হোমে। পুলিশ জানিয়েছে, হোমের নিচতলার একটি শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে নাবালিকা পালিয়ে যায়। ঘটনায় হোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, জেলাশাসক নীতিন কুমার সিংহানিয়া এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে হোমে থাকা অন্য নাবালিকাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই হোমে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৫৫ জন নাবালিকা রয়েছে। নিখোঁজ নাবালিকার পরিবার জানিয়েছে, “মেয়ে বাড়ি থেকে পালানোর পর উদ্ধার হয়েছিল। এবার হোম থেকেও পালাল! হোমের গাফিলতির জন্যই এমন হয়েছে। আমরা চাই, মেয়েকে দ্রুত ফিরে পাওয়া যাক।”


