নতুন ওবিসি তালিকায় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বঞ্চিত করা হচ্ছে বলে এই অভিযোগে ফের সরব হলো সংখ্যালঘু সমাজিক সংগঠন প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল (পিআইবি)। রবিবার রামপুরহাটের মা তারা অনুষ্ঠান ভবনে এই ইস্যুতে এক সেমিনারের আয়োজন করে এই সংগঠনটি। সেমিনারটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচারিত হয়, যাতে উপস্থিতদের দেখানো হয় কীভাবে নতুন তালিকায় সংখ্যালঘু গোষ্ঠীগুলিকে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক রাজিবুল ইসলাম, অধ্যাপক সারোয়ার হোসেন, লিপি মণ্ডল, প্রধান শিক্ষক আনোয়ার স্যার, লুসি খাতুন, শেখ জাহিরুদ্দিন এবং সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলী বিশ্বাস প্রমুখ।
সেমিনারে পিআইবি তাদের চালু করা এসআইআর সংক্রান্ত হেল্পলাইন পোর্টাল সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরে। সংগঠনের তরফে জানানো হয়, এই পোর্টালের মাধ্যমে সংখ্যালঘুদের ভোটার তালিকা ও নাগরিকত্ব সংক্রান্ত সমস্যায় সহায়তা দেওয়া হবে। সভা শেষে শহরে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ অংশগ্রহণ করেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পিআইবির সভাপতি ড. মানাজাত আলী বিশ্বাস বলেন, “নতুন ওবিসি তালিকা সংখ্যালঘুদের প্রকৃত কোনো সুবিধা দিচ্ছে না। বরং বহু উন্নত ও প্রভাবশালী গোষ্ঠীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।” তিনি দাবি করেন, এই উন্নত গোষ্ঠীগুলিকে অবিলম্বে তালিকা থেকে বাদ দিয়ে ওবিসি শ্রেণির নতুনভাবে পুনর্বিন্যাস করতে হবে। ড. বিশ্বাস সতর্ক করেন, দাবি না মানা হলে আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামবে পিআইবি।


