পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে জামিয়ত উলেমা-ই-হিন্দ-এর রিলিফ সেন্টার থেকে প্রায় পাঁচ কোটি টাকার ত্রাণ নিয়ে ৩০টি ট্রাক পাঠানো হয় পাঞ্জাবে। এই ত্রাণ যাত্রার নেতৃত্বে আছেন জামিয়তের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। ত্রাণবাহী ট্রাকগুলি পাঞ্জাবের সুলতানপুর লোধি, কাপুরথালা, অঞ্জালা, গুরুদাসপুর, ফিরোজপুর, লুধিয়ানা সহ বিভিন্ন দুর্গত জেলায় পৌঁছাবে বলে জানা গিয়েছে।
এই কনভয়ের দায়িত্বে ছিলেন হরিয়ানার প্রধান মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া করিমি। কনভয় রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামিয়তের সদস্য, পাঞ্জাব সরকারের কিছু মন্ত্রী, সমাজকর্মী ও শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। স্থানীয় শিখ সমাজ এই মহৎ উদ্যোগের জন্য জামিয়তের প্রশংসা করেন। তারা বলেন, মানবতার এই সেবায় জামিয়তের পাশে সব ধর্মের মানুষই একজোট হয়ে দাঁড়ানো উচিত।
জামিয়ত জানিয়েছে, মানুষের সেবা করাকে তারা ধর্ম ও জাতির ঊর্ধ্বে মনে করে। তারা আরও জানান “সারা বিশ্বই আল্লাহর পরিবার আর সেই ব্যক্তি সর্বোত্তম, যে সবার উপকার করে।”
মাওলানা মাদানী বলেন, “শিখ ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা গর্বিত, কারণ তারা মানবতার সেবায় সবসময় এগিয়ে থাকে। আমরা বিশ্বাস করি, যারা অন্যদের সাহায্য করে, আল্লাহ তাদেরই সাহায্য করেন।”


