কালীপুজোর একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের যোগদানকে কেন্দ্র করে হাওড়ায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশের পুরনো কর্মীদের অভিযোগ, যাঁরা একসময় তৃণমূল করতেন এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁদের দাবি, তাঁরাই এখন বিজেপির ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁদের আয়োজিত কালীপুজোর উদ্বোধনে মন্ত্রীর উপস্থিতি নিয়েই আপত্তি তুলেছেন আদি বিজেপি কর্মীরা। এই ঘটনায় তাঁদের ক্ষোভের কথা প্রকাশ্যে তুলে ধরেছেন স্থানীয় বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও।রবিবার কালীপুজোর রাতে হাওড়ার কোনা ভূতবাগান এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে যাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই এখন বিজেপির কর্মী বলে পরিচয় দিচ্ছেন। তাঁদের অভিযোগ, অতীতে এই ব্যক্তিরা বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করেছিলেন। এমনকি নির্বাচনী প্রচারের সময় রুদ্রনীল ঘোষের গাড়ি আটকে তাঁকে প্রচারেও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি তাঁদের। সেই ব্যক্তিদের আয়োজিত পুজোর উদ্বোধনে মন্ত্রীর যোগদান তাঁদের ক্ষোভ আরও বাড়িয়েছে।এই বিষয়ে মুখ খুলেছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, দলের পুরনো কর্মীদের অবদান মনে রেখে নেতা ও মন্ত্রীদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। অন্য দল থেকে এসে যাঁরা হঠাৎ বিজেপির পরিচয় নিতে চাইছেন, তাঁদের বিষয়ে সতর্ক থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি। রুদ্রনীলের দাবি, রবিবারের ঘটনায় দলের দীর্ঘদিনের কর্মীরা অপমানিত বোধ করেছেন।তাঁর আরও বক্তব্য, স্থানীয় বিধায়কের কাছ থেকে কোনও সুবিধা না পেলে কিছু কর্মী অন্য বিধায়ক বা মন্ত্রীর কাছে যাচ্ছেন। এর ফলে দলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কোনা ভূতবাগানের ঘটনাতেও তেমন কিছু ঘটে থাকতে পারে বলে মনে করছেন তিনি। তবে এই ধরনের পরিস্থিতি সামলাতে দলের নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রুদ্রনীল।অন্যদিকে, নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মন্ত্রী উমেশ রাই। তিনি জানান, হাওড়া জেলা থেকে তিনিই একমাত্র মন্ত্রী। তাই জেলার বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে তাঁকে যেতে হয়। প্রতিদিন অনেক আমন্ত্রণ আসে। প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানিয়েছেন তিনি।একই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি না করার কথাও বলেছেন মন্ত্রী। তবে তাঁর এই বক্তব্যের পরেও হাওড়ায় বিজেপির পুরনো ও নতুন কর্মীদের মধ্যে দূরত্ব এবং দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল থেকে আসা কর্মীদের কালীপুজোয় মন্ত্রী উমেশ, ক্ষোভ আদি বিজেপিতে, পুরনো কর্মীদের পাশে রুদ্রনীল ঘোষ
Popular Categories

