সোমবার ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্যের সংখ্যালঘু দফতরের ভোকেশনাল চেয়ারম্যান রফিকুল আলমকে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে শিক্ষকরা তাদের নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন বলে জানা গিয়েছে। শিক্ষকদের বক্তব্য, সদ্য অনুমোদনপ্রাপ্ত আন এডেড মাদ্রাসাগুলিতে ষ্টাফ অ্যাপ্রুভাল এখনো হয়নি, যার ফলে শিক্ষকদের অনেক সমস্যা হচ্ছে। এছাড়াও মিড ডে মিল, ছাত্রছাত্রীদের বই, খাতা, পোশাক ইত্যাদি সরবরাহ ঠিকমতো হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।
এই বিষয়ে মুজিবর রহমান, আব্দুস সাত্তার, শহিদুল্লাহ খান, মো. নাসির মোল্যা, রোকন উদ্দিন লস্কর, সাইফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ শিক্ষকরা বক্তব্য রাখেন। তারা জানান, মাদ্রাসার উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা প্রয়োজন।চেয়ারম্যান রফিকুল আলম শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে বিষয়গুলি দফতরের উচ্চ পর্যায়ে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


