নির্বাচনে লড়ছেন না ক্রিকেটার যুবরাজ সিংহ। সব জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন এই খবর।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির টিকেটে ভোটে লড়বেন তিনি। যুবরাজসহ বীরেন্দ্র শেহবাগ, অভিনেতা অক্ষয় কুমার ও জয়া প্রদার নাম ঘুরেফিরে এসেছে।
শুক্রবার গভীর রাতে এক্স হ্যান্ডলে এক পোস্টে যুবরাজ লেখেন, ‘‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্যি নয়। আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়ছি না। আমার লক্ষ্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সাহায্য করা। সেই কাজ আমি আমার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর মাধ্যমে করে থাকি। আগামী দিনেও একই ভাবে সেই কাজ চালিয়ে যাব।’’
উল্লেখ্য, সংস্থাটি ক্যানসার আক্রান্ত রোগীদের সাহায্য করে থাকে। যুবরাজ ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ক্যান্সারে আক্রান্ত হন। সুস্থ হয়ে আমেরিকা থেকে দেশে ফিরেই এই প্রতিষ্ঠান শুরু করেন তিনি।


