আমি সব সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকব বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের (জেডি-ইউ) প্রধান নীতীশ কুমার
শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠকে এ কথা বলেন নীতীশ কুমার।
লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে।
নীতীশ কুমার বলেন, ‘বিরোধী জোট দেশের জন্য কিছুই করেনি। আমি সব সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকব। আমাদের দল জেডি-ইউ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন দিচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি বিগত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী আছেন, আর আবার প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের সেবা করেছেন। যেটুকু বাকি আছে, তা এবার শেষ করবেন। আমরা তাঁর সঙ্গে আছি।’
উল্লেখ্য, সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন হয়। বিজেপি পেয়েছে ২৪০ আসন। নীতীশের দল জেডি-ইউ পেয়েছে ১২ আসন। অপরদিকে এনডিএ জোটের আরেক সদস্য চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬ আসন।


