সমাজমাধ্যমে মাঝেমধ্যেই দারিদ্র ও অনাহারের ছবি সামনে আসে। সম্প্রতি তেমনই একটি ভাইরাল ভিডিয়ো নেটিজেনদের আবেগপ্রবণ করে তুলেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের কামরার মেঝেতে বসে শুধুমাত্র নুন আর রুটি খেয়ে ক্ষুধা মেটাচ্ছেন একদল শ্রমিক। সীমিত খাবার হলেও তাঁদের মুখে ছিল না কোনও অভিযোগ; বরং হাসি-আনন্দের মধ্যেই খাবার ভাগ করে নিতে দেখা যায় তাঁদের।
যদিও ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এনবিটিভি। ঘটনাটি ঠিক কবে বা কোথায় ঘটেছে, সেটিও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ফুটেজে দেখা যায়, ট্রেনের কামরার মেঝেতে বসে কয়েকজন শ্রমিক রুটি ও নুন দিয়ে খাবার সারছেন। স্বাদ বদলাতে মাঝেমধ্যে লঙ্কায় কামড় দিতেও দেখা যায় তাঁদের। সাধারণ এই খাবারই পরম তৃপ্তির সঙ্গে খাচ্ছেন তাঁরা—যা নেটদুনিয়ায় গভীর আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিয়োটি ‘শিবানি সাহু’ নামে একটি অ্যাকাউন্ট থেকে X (অতীতে ট্যুইটার)-এ পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই সেটি হাজার হাজার মানুষের নজর কেড়েছে। লাইক ও মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে।
অনেক নেটাগরিক শ্রমিকদের সরলতা ও জীবনের কঠিন বাস্তবতা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কিছু মানুষ স্বাদের জন্য খাবার খায়, আর কেউ শুধু ক্ষুধা মেটানোর জন্য।” অন্য একজন লিখেছেন, “ঈশ্বর যেন কাউকে এমন দারিদ্র না দেন।” আবার কেউ কেউ শ্রমিকদের জীবনযাত্রা ও আর্থিক নিরাপত্তা নিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
ভিডিয়োটিকে ঘিরে আবারও সামনে এসেছে দেশের শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা এবং সামাজিক বৈষম্যের প্রসঙ্গ।


