২০২৬ সালের গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ১৯৭ দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৫তম। রেসিডেন্সি ও সিটিজেনশিপ বিষয়ক সংস্থা Global Citizen Solutions এই তালিকা প্রকাশ করেছে। আগের বছরের তুলনায় ভারত এক ধাপ পিছিয়েছে, তবে মোট স্কোর কিছুটা বেড়ে ৪৫.১ হয়েছে, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।
দীর্ঘ সময়ের হিসাব অনুযায়ী ভারতের র্যাঙ্কিং খুব বেশি ওঠানামা করেনি। ২০২১ সালে ছিল ১২৭, এখন তা হয়ে ১২৫। বর্তমানে ভারতীয় পাসপোর্টে ২৬টি দেশে ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভালে যাওয়া যায়। এর মধ্যে রয়েছে নেপাল, ভুটান, জামাইকা, ম্যাকাও, প্যালেস্টাইন, তিউনিশিয়া, অ্যাঙ্গোলা ও বার্বাডোস। তবে আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চিন ও সংযুক্ত আরব আমিরশাহির মতো বড় দেশগুলোতে ভিসা ছাড়া যাতায়াত সম্ভব নয়।
তিনটি প্রধান সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি হয়। “এনহ্যান্সড মোবিলিটি” বিভাগে ভারতের অবস্থান ১৩৬, যেখানে ভ্রমণের সুবিধা ও গন্তব্যের আকর্ষণ দেখা হয়। “কোয়ালিটি অফ লিভিং” বিভাগে ভারত ১১৮তম, যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার মতো বিষয় ধরা হয়—এখানে ভারতের উন্নতি হয়েছে। “ইনভেস্টমেন্ট ইনডেক্স”-এ ভারত ৯৪তম স্থানে, যেখানে অর্থনৈতিক সুযোগ ও কর ব্যবস্থার মূল্যায়ন করা হয়।
এই তালিকায় শুধু ভিসা-মুক্ত যাত্রা নয়, বরং জীবনমান ও বিনিয়োগের সুযোগও বিবেচনা করা হয়। তাই হেনলি পাসপোর্ট ইনডেক্সের তুলনায় ভারতের অবস্থান এখানে কিছুটা নিচে, যেখানে ভারত প্রায় ৮০তম স্থানে রয়েছে।
শীর্ষে রয়েছে সুইডেন। এরপর আছে সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক যৌথভাবে চতুর্থ স্থানে। আফগানিস্তান রয়েছে তালিকার শেষ স্থানে।


