মুক্তির আগেই বিতর্কে জড়াল শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’। এবার ছবিটি বয়কটের ডাক দিলেন দিল্লির বিজেপি বিধায়ক রবি নেগী। শুধু তাই নয়, শাহরুখ খানকে সরাসরি ‘জিহাদি’ বলেও আক্রমণ করেছেন তিনি। ছবির একটি গানে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেই এই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, বিতর্কিত দৃশ্য বাদ না দিলে দেশজুড়ে ছবির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।দিল্লির প্রতাপগঞ্জের বিজেপি বিধায়ক রবি নেগীর অভিযোগ, ‘কিং’ ছবির ‘তু মিল যায়ে’ গানে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া রঙের পোশাক পরে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তাঁর মতে, এই পোশাক এবং গানের দৃশ্য সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। তাই ছবির নির্মাতাদের ওই অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।একইসঙ্গে শাহরুখ খানকে নিশানা করে রবি নেগী বলেন, অভিনেতা দেশের মানুষের কাছ থেকেই অর্থ উপার্জন করেন, অথচ দেশের সংস্কৃতি ও ধর্মকে অসম্মান করেন। তাঁর বক্তব্য, গেরুয়া রং নিয়ে আপত্তি থেকেই এমন দৃশ্য রাখা হয়েছে। দীপিকা পাড়ুকোনকে এই বিতর্কের একটি অংশ হিসেবে উল্লেখ করে তিনি মূলত শাহরুখকেই দায়ী করেন। অভিনেতাকে ‘জিহাদি’ বলেও কটাক্ষ করেন এই বিজেপি বিধায়ক।রবি নেগীর দাবি, সনাতন ধর্মে বিশ্বাসী মানুষেরা এ ধরনের পোশাক ও নাচ মেনে নেবেন না। তাঁর কথায়, ছবির ওই দৃশ্য পরিবর্তন না করা হলে শুধু দিল্লিতেই নয়, দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এমন দৃশ্য রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। সেই ছবির ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে আপত্তি তুলেছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ছবিটি বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ওই গান ও পোশাক নিয়ে বিতর্কের জেরে কিছু পরিবর্তন করা হয়।এবার ‘কিং’ ছবির গান ঘিরে ফের সেই পুরনো বিতর্ক সামনে এল। তবে এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের তরফে রবি নেগীর অভিযোগ বা হুঁশিয়ারি নিয়ে কোনও প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। ফলে মুক্তির আগেই নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়ল শাহরুখের এই ছবি।
মুক্তির আগেই বিতর্কে শাহরুখের ‘কিং’, অভিনেতাকে ‘জিহাদি’ বলে আক্রমণ বিজেপি বিধায়কের, দেশজুড়ে বয়কটের হুঁশিয়ারি
Popular Categories

