দুর্গাপুজোর পর এ বার কালীপুজোতেও বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার হাবড়া ও নৈহাটিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের তৈরি করা বুকস্টলে হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এসএফআইয়ের অভিযোগ, দুই জায়গাতেই পরিকল্পিতভাবে তাদের স্টলে ভাঙচুর চালানো হয়েছে। হাবড়ার ঘটনায় বিজেপি কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বাম ছাত্র সংগঠন। অন্য দিকে, নৈহাটির ঘটনায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে তারা। যদিও দুটি অভিযোগই অস্বীকার করেছে বিজেপি।কালীপুজো উপলক্ষে হাবড়া-২ গ্রামীণ এলাকায় একটি বুকস্টল তৈরি করেছিল এসএফআই। সংগঠনের দাবি, রবিবার সেখানে কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক এসে ভাঙচুর শুরু করেন। প্রথমে তাঁরা দুটি রাজনৈতিক ফ্লেক্স নিয়ে স্টলে আসেন। সেগুলি বুকস্টলে লাগানোর চেষ্টা করলে আপত্তি জানান এসএফআই কর্মীরা। তাঁদের বক্তব্য, বামেদের উদ্যোগে তৈরি একটি বুকস্টলে অন্য দলের প্রচারের ফ্লেক্স লাগানোর কোনও কারণ নেই। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।এসএফআইয়ের আরও অভিযোগ, হামলাকারীরা তাদের স্টলের ফ্লেক্স ছিঁড়ে দেন। বিভিন্ন মনীষীর ছবি খুলে মাটিতে ফেলে দেওয়া হয় এবং সেগুলির উপর পা দিয়ে মাড়ানো হয়। শুধু তাই নয়, স্টলে সাজিয়ে রাখা বইগুলিও বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি সংগঠনের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের প্রশ্ন, গণতান্ত্রিক দেশে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ এবং সাধারণ মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার অধিকারও কি থাকবে না?তবে হাবড়ার ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, এই ভাঙচুরের সঙ্গে দলের কর্মীদের কোনও সম্পর্ক নেই।অন্য দিকে, নৈহাটি স্টেশন রোডের কলেজ মোড়েও একই ধরনের ঘটনার অভিযোগ সামনে এসেছে। এসএফআইয়ের দাবি, বুকস্টল সরিয়ে নেওয়ার জন্য আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। সেই নির্দেশ না মানায় শাসকদলের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা স্টলে হামলা চালায়। যদিও এই অভিযোগও মানতে নারাজ বিজেপি। দলের নেতা রূপক মিত্রের পাল্টা দাবি, এসএফআইয়ের সদস্যরা নিজেদের মধ্যে গোলমাল করে নিজেরাই স্টল ভেঙেছেন। রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি তাঁর।উল্লেখ্য, দুর্গাপুজোর সময়েও রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছিল। কোথাও কোথাও স্টলে আগুন লাগানোর অভিযোগ ঘিরেও বিতর্ক তৈরি হয়। এ বার কালীপুজোর সময়েও একই ধরনের ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বামেদের বুকস্টলে হামলার অভিযোগ, হাবড়া ও নৈহাটিতে ভাঙচুর ঘিরে উত্তেজনা
Popular Categories


