নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। বয়স মাত্র ২৮ বছর। মৃত্যুর আগে নিজের হোয়াট্সঅ্যাপ স্টেটাসে তাঁর লেখা একটি বাক্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না।’ প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, পরিবারের দাবি, অভিজিৎ নিজে থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর পরিজনেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিতের বাড়ি নদিয়ার মাঝেরগ্রামের সাপজলায়। ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। পরবর্তী সময়ে ওই হাসপাতালেই হাউসস্টাফ হিসেবে কাজ শুরু করেন। কর্মসূত্রে নাগেরবাজার এলাকার একটি হস্টেলে থাকতেন তিনি।পরিবারের সদস্যদের বক্তব্য, রবিবার বিকেল ৪টে নাগাদ হস্টেল কর্তৃপক্ষের তরফে তাঁদের ফোন করে অভিজিতের মৃত্যুর খবর দেওয়া হয়। জানানো হয়, ঘরের ভিতর তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়েই পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সেখানে পৌঁছন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অভিজিতের পরিবারের আরও দাবি, গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে বেশ কিছু অস্বাভাবিক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন তিনি। সেই পোস্টগুলি দেখেই তাঁর মানসিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল পরিবারের মধ্যে। তাঁদের ধারণা, কোনও বিষয় নিয়ে আতঙ্ক বা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণ চিকিৎসক। তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যেরা।অন্য দিকে, পরিবারের তরফে আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ পরিজনেরা। তাঁদের অভিযোগ, অভিজিতের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। এই অভিযোগ জানিয়ে নাগেরবাজার থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যেরা।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি অভিজিতের মোবাইল ফোন এবং সমাজমাধ্যমে করা সাম্প্রতিক পোস্টগুলি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিচিতদের সঙ্গেও কথা বলে ঘটনার আগে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আপাতত তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার NRS-এর তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ, মৃত্যুর আগে স্টেটাসে লিখেছিলেন ‘আমি আর পেরে উঠছি না’
Popular Categories


