উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল চন্দ্রশেখর আজাদ ও আসাদউদ্দিন ওয়াইসির জোট। আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে দুই নেতা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের নতুন জোটের নাম রাখা হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (এসপিএম)। এই জোটকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।শুক্রবার জোটের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে চন্দ্রশেখর আজাদ জানান, তাঁদের লড়াই অন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে নয়, বরং বর্তমান শাসকদলের বিরুদ্ধে। বিজেপিকে পরাজিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। তাঁর দাবি, এই নতুন রাজনৈতিক মঞ্চ আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। উত্তরপ্রদেশে ওয়েসি-আজাদ জোট, প্রতিষ্ঠান বিরোধী ভোটব্যাঙ্ক ভাঙিয়ে সুবিধা বিজেপিকে? জোটের পর এই প্রশ্নে সরব হয়েছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। এই জোটে রয়েছে আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) এবং ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। একদিকে দলিত সমাজের মধ্যে চন্দ্রশেখর আজাদের প্রভাব রয়েছে, অন্যদিকে মুসলিম ভোটারদের মধ্যে ওয়াইসির রাজনৈতিক পরিচিতি রয়েছে। দুই নেতার একসঙ্গে আসার ফলে নির্বাচনে নতুন ভোটের সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।এদিকে, নতুন জোট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি দাবি করেছেন। তাঁর কথায়, এনডিএ-র এক শরিক দল এবং বিরোধী জোট ইন্ডিয়ার একটি দলও এই মোর্চায় যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
Popular Categories


