ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাঘিনিটি বক্সায় আনার সময় গর্ভবতী ছিল বলে দাবি উঠেছে। একাধিকবার ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে অচেতন করার জেরে গর্ভপাত হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে বন দফতর। ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের একটি দল বক্সায় পৌঁছেছে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ।
বৃহস্পতিবার মাদারিহাটে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিয়ে বন দফতরের একটি বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জানান, সংবাদমাধ্যমে বাঘিনির গর্ভবতী থাকার খবর প্রকাশিত হয়েছে। তবে সেই খবরের সত্যতা যাচাই না করে কোনও মন্তব্য করতে চান না তিনি। কেন্দ্রীয় দলের তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে বাঘিনিটি বক্সার জঙ্গলের মূল এলাকায় রয়েছে। সে নিয়মিত খাবার খাচ্ছে এবং স্বাভাবিক আচরণ করছে।
এই ঘটনায় বনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। তবে বিরোধীদের এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি মনোজকুমার। তাঁর বক্তব্য, রাজ্য ও কেন্দ্রীয় সরকার দু’পক্ষই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিটিকে অচেতন করে বক্সায় আনা হয়েছিল। পরের দিন তাকে ২৫ মাইল টাওয়ার এলাকার প্রায় ২.২ হেক্টর জমিতে তৈরি বিশেষ ঘেরাটোপে রাখা হয়। ২ অক্টোবর তাকে জঙ্গলে ছাড়ার জন্য ঘেরাটোপের দরজা খুলে দেওয়া হলেও ৪ অক্টোবর সে সেখান থেকে বেরিয়ে যায়।
এরপর বাঘিনিটি সংকোশ নদীর চৌধুরীঘাট পেরিয়ে অসমের রায়মোনা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে চলে যায়। ২৪ অক্টোবর সেখানে তার অবস্থান জানা যায়। পরে ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার গেলাগুড়ি এলাকার লৌসা নদীর কাছ থেকে ফের তাকে ঘুমপাড়ানি গুলি দিয়ে অচেতন করা হয়। সেখান থেকে আবার বক্সায় ফিরিয়ে আনা হয়। কিন্তু ২৫ মাইল টাওয়ারের ঘেরাটোপে রাখার পর সে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ফের বেরিয়ে যায়।
এই ঘটনার পরেই বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে, বিহারের বাল্মীকিতে তাকে ধরার সময় চিকিৎসকদের একটি দল উপস্থিত থাকা সত্ত্বেও তার গর্ভবতী থাকার বিষয়টি কীভাবে নজরে এল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রধান সঞ্জয় কুমারও জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খতিয়ে দেখা হচ্ছে। বনমন্ত্রীর বক্তব্য, বাঘিনিকে আনার আগে তার শারীরিক সুস্থতার শংসাপত্র পাওয়া গিয়েছিল। তবে কেন্দ্রীয় তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই বিতর্কের অবসান হচ্ছে না।


