দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও বামেদের বইয়ের স্টল ঘিরে বিতর্ক। নদিয়ার ধুবুলিয়ায় সিপিএমের বুক স্টল থেকে বই নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুধু বই সরিয়ে নিয়ে যাওয়াই নয়, স্টলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া এবং ভাঙচুরের চেষ্টার অভিযোগও তুলেছে বামেরা। সোমবার কালীপুজোর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন সিপিএম নেতারা। যদিও বিজেপির দাবি, পুজোর প্যান্ডেলে ভারতবিরোধী বই বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়ার ৬ নম্বর এলাকায় প্রতি বছরই কালীপুজোর সময় বইয়ের স্টল বসায় সিপিএম। এবারও সেই আয়োজন করা হয়েছিল। সোমবার রাতে স্টল উদ্বোধনের প্রস্তুতি চলছিল। বামেদের অভিযোগ, উদ্বোধনের আগে থেকেই কয়েকজন বিজেপি কর্মী সেখানে জড়ো হন। পরে বই বিক্রি শুরু হলে একদল লোক স্টলে এসে কয়েকটি বই নিয়ে আপত্তি জানাতে শুরু করেন।বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এসআইআর বিরোধী বই এবং মার্কস ও লেনিনের লেখা বই রাখা নিয়ে আপত্তি তোলা হয়। বামেদের দাবি, ওই স্টলে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইও ছিল। কিন্তু আপত্তির মধ্যেই কয়েকজন স্টলের ভিতর থেকে একাধিক বই তুলে নিয়ে চলে যান। এর আগে স্টলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।সিপিএমের আরও দাবি, প্রথমে স্টল ভাঙচুরের চেষ্টা করা হলেও তা রুখে দেন উপস্থিত লোকজন। এরপর অভিযুক্তরা পাশের সিপিআই (এমএল) লিবারেশনের স্টলে যান। কিছুক্ষণ পর আরও লোকজন নিয়ে ফিরে এসে স্টলে কালীঠাকুরের ছবি লাগানোর দাবি জানান। ফ্লেক্সে ‘দীপাবলি’ শব্দটি লেখার জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।ঘটনা নিয়ে সিপিএম নেতা সুমিত বিশ্বাস বলেন, বাংলার সংস্কৃতিতে বইয়ের গুরুত্ব অনেক। বইয়ের উপর আক্রমণ আসলে জ্ঞান ও সংস্কৃতির উপর আক্রমণ। সাধারণ মানুষও এই ঘটনার প্রতিবাদ করেছেন বলে দাবি তাঁর। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।অন্যদিকে, বিজেপি নেতা রঞ্জন অধিকারী ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, পুজোর প্যান্ডেলে সনাতন ধর্মবিরোধী এবং ভারতবিরোধী বই বিক্রি করা উচিত নয়। অন্য কোনও জায়গায় বই বিক্রির পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অপর পক্ষের উস্কানিমূলক কথাবার্তা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে দাবি তাঁর। যদিও মারধরের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এই বিজেপি নেতা।
কালীপুজোর রাতে সিপিএমের বুক স্টলে হামলা, বই নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, নদিয়ার ধুবুলিয়ায় ছড়ালো উত্তেজনা
Popular Categories

