Monday, November 16, 2026
23 C
Kolkata

রাম-কৃষ্ণ বিতর্কে মধ্যপ্রদেশে উত্তেজনা, NH-39 অবরোধ ‘বাগেশ্বর বাবার’ সমর্থকদের! মুখোমুখি যাদব মহাসভা

ভগবান রাম ও শ্রীকৃষ্ণকে নিয়ে বাগীশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রদেশ। শুক্রবার ছতরপুর জেলায় দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। একদিকে শাস্ত্রীর সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেন, অন্যদিকে তাঁর মন্তব্যের প্রতিবাদে বাগীশ্বর ধামের দিকে মিছিল করে এগোনোর চেষ্টা করেন যাদব মহাসভার সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন।

ব্রিজপুরার কাছে চার লেনের জাতীয় সড়ক-৩৯ (NH-39) অবরোধ করেন শাস্ত্রীর সমর্থকরা। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

যাদব মহাসভার সদস্যরা শাস্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তাঁদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ওই ধর্মীয় নেতা। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানানো হয়। পাশাপাশি বাগীশ্বর ধাম ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাদব মহাসভার বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে জেলা বাইরের বাহিনী এবং বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদেরও নিয়ে আসা হয়।

ছতরপুরের পুলিশ সুপার রজত সাকলেচা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও বাইরের বাহিনী ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। আয়োজক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, শহর ও জেলায় শান্তি বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

পুরো পরিস্থিতির উপর নজর রাখতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট নিয়েও সতর্ক পুলিশ। এসপি জানান, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন। সেগুলির অধিকাংশই মুছে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠানোর পাশাপাশি মুচলেকা দিতে বলা হয়েছে।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের আগে প্রয়োজনীয় আইনি অনুমতি নিতে হবে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা আরও বেড়েছে। যাদব মহাসভার অভিযোগ, শাস্ত্রীর মন্তব্যে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা হয়েছে। অন্যদিকে, শাস্ত্রীর সমর্থকদের দাবি, এই প্রতিবাদের মাধ্যমে হিন্দু সমাজের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। বাগীশ্বর ধামের সমর্থকদের একটি জমায়েতে লাঠি ও জুতো হাতে কয়েকজনকে দেখা যায়। সেখানে যাদব মহাসভার নেতা দামোদর যাদবের কুশপুত্তলিকাও প্রদর্শন করা হয়।

গত ২৯ অক্টোবর মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরাতে একটি ‘রাম কথা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভগবান রাম ও শ্রীকৃষ্ণের রূপ ও গুণাবলি নিয়ে তুলনামূলক আলোচনা করেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী।

সেখানে শ্রীকৃষ্ণের ‘ত্রিভঙ্গ’ মুদ্রার উল্লেখ করেন তিনি। এই বিশেষ ভঙ্গিতে শরীরের তিনটি অংশ বাঁকানো থাকে। এর বিপরীতে ভগবান রামের সোজা শারীরিক ভঙ্গির প্রসঙ্গ টানেন শাস্ত্রী। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো ও গবাদি পশু চরানোর সঙ্গে ভগবান রামের ধনুক-বাণ ধারণের তুলনাও করেন তিনি।

এই মন্তব্য ঘিরেই আপত্তি জানায় যাদব সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। তাঁদের অভিযোগ, এই তুলনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে খাটো করা হয়েছে এবং তাঁর ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। বিতর্ক ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের বাইরেও। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও শাস্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান।

বিতর্কের জেরে পরে একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি দাবি করেন, তাঁর মন্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান রাম ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনও পার্থক্য করার উদ্দেশ্য তাঁর ছিল না। ভিডিও বার্তায় শাস্ত্রী বলেন, দুই দেবতাই অভিন্ন, তাঁদের মধ্যে কোনও তফাত নেই। তাঁর কথা বা ব্যাখ্যায় কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

তবে ক্ষমা প্রার্থনার পরেও বিতর্কের রেশ কাটেনি। বরং সেই মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার ছতরপুরে যে উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নতুন করে উদ্বেগে প্রশাসন।

Hot this week

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

Topics

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

বাংলায় এখনও চলছে তোলাবাজি! স্বীকারোক্তি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

বাংলায় রাজনৈতিক পালাবদলের ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায়...

Related Articles

Popular Categories