অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানৌতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হিমাচল প্রদেশের শিমলা পুলিশ। সমাজমাধ্যমে গান্ধী পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। শিমলার বয়লেগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের কয়েকটি ধারাও যুক্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। কঙ্কনা সমাজ মাধ্যমে লেখেন, ” মনে হয় প্রত্যেকেই এক রহস্যময় বিদেশির অঙ্গুলিহেলনে চলছিলেন। বিদেশের একটি ক্যাফেতে রাজীব গাঁধীর সঙ্গে আকস্মিক পরিচয় হয়েছিল ওই রহস্যময় বিদেশির। তার পর থেকে তাঁরা অবিচ্ছেদ্য হয়ে পড়েন। ইন্দিরা গাঁধী ছোট ছেলে সঞ্জয়কে আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তৈরি করছিলেন। কিন্তু রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়। সঞ্জয়ের অল্পবয়সি, অসহায় বিধবা স্ত্রী মানেকাকে কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার কিছু দিন পরেই একের পর এক খুন হন শাশুড়ি ও স্বামী। শেষ পর্যন্ত সেই রহস্যময় বিদেশি সনিয়া গাঁধীই সরকারের শীর্ষ পদে পৌঁছোলেন! বাহ্! কী দারুণ ব্যাপার!”অতুল শর্মার অভিযোগ, ওই পোস্টে সনিয়া গান্ধীকে বিদেশি নাগরিক বলে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি গান্ধী পরিবারের অতীতের কয়েকটি ঘটনা নিয়েও এমন কিছু বক্তব্য রাখা হয়েছে, যা মানুষের মধ্যে ভুল ধারণা ও বিদ্বেষ তৈরি করতে পারে। তাঁর মতে, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, বরং সমাজের শান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে।সম্প্রতি গান্ধী পরিবারের একটি পুরনো ভিডিও নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ইন্দিরা, সনিয়া ও মানেকা গান্ধীর পাশাপাশি ছোট বয়সের রাহুল এবং প্রিয়ঙ্কাকে দেখা যায়। এই ভিডিও নিয়েই কঙ্গনা নিজের মতামত প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজির কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান অতুল শর্মা। তিনি ঘটনার সাইবার ফরেনসিক পরীক্ষারও দাবি করেন। শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Popular Categories


