উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দান-দক্ষিণার হিসাব রাখা নিয়ে উঠল অনিয়মের অভিযোগ। মন্দিরে জমা হওয়া টাকা গণনার কাজে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সরকার। এবার সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে। দানের টাকা গোনার পদ্ধতিতে স্বচ্ছতা আনতে একাধিক পরিবর্তনের পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি।
রামমন্দিরের অনুদান নিয়ে বিতর্কের পরই বদ্রীনাথ মন্দিরের দান-দক্ষিণা নিয়েও একই ধরনের অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় দ্রুত তদন্তের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। গত জুলাই মাসে উত্তরাখণ্ড সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করে। গাড়োয়াল বিভাগের কমিশনারকে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার কমিটির চেয়ারম্যান জানান, প্রায় দু’সপ্তাহ আগেই রাজ্য সরকারের কাছে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। শুধু বদ্রীনাথ মন্দিরের বর্তমান ব্যবস্থাপনা খতিয়ে দেখাই নয়, দেশের অন্যান্য বড় মন্দিরে কীভাবে দানের টাকা সংগ্রহ ও হিসাব রাখা হয়, সেটিও পর্যালোচনা করেছে কমিটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বদ্রীনাথ মন্দিরের জন্য কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে।
রিপোর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শ দেওয়া হয়েছে, তা হল দান-দক্ষিণা গণনার জন্য কাচের দেওয়াল দিয়ে ঘেরা আলাদা ঘর তৈরি করা। এতে বাইরে থেকে সাধারণ মানুষও টাকা গোনার পুরো প্রক্রিয়া দেখতে পারবেন। ফলে দানের টাকা নিয়ে কোনও গোপনীয়তা বা অনিয়মের অভিযোগ উঠলে তা যাচাই করা সহজ হবে বলে মনে করছে কমিটি।
এ ছাড়া দ্রুত টাকা গণনা এবং বিভিন্ন মূল্যমানের নোট আলাদা করার জন্য বিশেষ যন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাল নোট শনাক্ত করার ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে রিপোর্টে। এর ফলে টাকা গোনার কাজে সময় কম লাগবে এবং হিসাবের ভুল হওয়ার আশঙ্কাও কমবে।
তবে তদন্তে ঠিক কী ধরনের অনিয়মের প্রমাণ মিলেছে এবং অভিযোগের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। রিপোর্টের সব তথ্যও প্রকাশ্যে আসেনি।


