হিমালয়ের বুকে অবস্থিত পবিত্র শেষনাগ হ্রদের আশপাশে রাস্তা তৈরির কাজে বুলডোজার ব্যবহারের ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। অমরনাথ যাত্রার পথ আরও চওড়া করতে ভারী যন্ত্র দিয়ে পাহাড়ের মাটি ও পাথর সরানো হচ্ছে। এই কাজের ফলে হ্রদ এবং তার আশপাশের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও।
কংগ্রেস নেতা পবন খেরা এই কাজের সমালোচনা করে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার হিন্দু ও কাশ্মীরের মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। তাঁর দাবি, এভাবে রাস্তা তৈরি করতে গেলে হিমালয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে মঙ্গলবার শেষনাগ হ্রদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে মাঝপথেই আটকে দেওয়া হয়।
বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, পরিবেশ সংক্রান্ত নিয়ম মেনেই এই কাজ করা হচ্ছে। অমরনাথ যাত্রার সময় যানজট কমানো এবং পুণ্যার্থীদের যাতায়াত আরও নিরাপদ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। তাদের দাবি, জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখেই রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অনন্তনাগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত শেষনাগ হ্রদ। এটি হিমালয়ের ১৪টি বিপজ্জনক হিমবাহজাত হ্রদের তালিকাতেও রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এই হ্রদের গভীর সম্পর্ক রয়েছে। প্রচলিত কাহিনি অনুযায়ী, অমরনাথ গুহায় যাওয়ার পথে মহাদেব নিজের গলার সাপগুলিকে এই হ্রদের কাছে রেখে গিয়েছিলেন। সেই থেকেই এর নাম শেষনাগ।
পহেলগাঁও থেকে অমরনাথ গুহায় যাওয়ার পথে গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল এই হ্রদ। বহু তীর্থযাত্রী এখানে রাত কাটান। পরবর্তী দুর্গম পথ পাড়ি দেওয়ার আগে তাঁরা এখানেই বিশ্রাম নেন।
রাস্তা তৈরির প্রতিবাদে সরব হয়েছেন সিপিএম নেতা মহম্মদ তারিগামিও। তাঁর বক্তব্য, শেষনাগের আশপাশের পাহাড়ে আলগা পাথর রয়েছে এবং ঢাল অত্যন্ত খাড়া। ফলে ভারী যন্ত্রের ব্যবহারে ভূমিধসের মতো বিপর্যয় ঘটতে পারে। অন্যদিকে, হুরিয়ত চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক জানিয়েছেন, কাশ্মীরের মানুষ বরাবরই অমরনাথের তীর্থযাত্রীদের স্বাগত জানিয়ে এসেছেন। তাঁর মতে, যাত্রার জন্য পরিকাঠামো কখনওই প্রধান বিষয় হয়ে ওঠেনি।
পরিবেশকর্মী ও বিরোধীদের দাবি, উন্নয়নের নামে হিমালয়ের মতো সংবেদনশীল এলাকায় প্রকৃতির ক্ষতি করা উচিত নয়। তাই অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ করে পরিবেশের উপর এর প্রভাব খতিয়ে দেখার দাবি উঠেছে।


