দীর্ঘ ছ’বছর ধরে জেলবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই প্রাক্তনী উমর খালিদ ও শারজিল ইমামের অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালতে তাঁদের জামিনের আর্জি নিয়ে শুনানি হয়। তবে এখনই কোনও সিদ্ধান্ত নিতে রাজি হয়নি বিচারপতিদের বেঞ্চ। বরং এই বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে জামিনের আবেদন বিবেচনা করা হচ্ছে না। আদালতের সংক্ষিপ্ত বক্তব্য, এখনই নয়। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে উমর ও শারজিলকে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এই মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র অধীনে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। ওই বছরের ২৫ অগস্ট শারজিল ইমামকে এবং ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁরা জেলবন্দি রয়েছেন।
বুধবারের শুনানিতে উমরের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় কারাবন্দি থাকার বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন জানান। শারজিলের আইনজীবী সিদ্ধার্থ দাভেও একই আবেদন করেন।
শুনানিতে ২০২১ সালের ‘কেন্দ্র বনাম কে এ নাজিব’ মামলার রায়ের প্রসঙ্গ তোলেন সিব্বল। ওই রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও মামলায় দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া শেষ না হলে অভিযুক্তের জামিন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এমনকী ইউএপিএ-র মতো কঠোর আইনের ক্ষেত্রেও এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ওই মামলার রায়দানের সময় তিনিও বিচারপতিদের বেঞ্চে ছিলেন। তাই নিজের দেওয়া রায় নিয়ে শুনানি চলায় তিনি কিছুটা অস্বস্তিতে রয়েছেন বলে মন্তব্য করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট উমর ও শারজিলের নিয়মিত জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তবে চলতি বছরে পারিবারিক প্রয়োজনে দু’জনেই অল্প সময়ের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। শারজিল ভাইয়ের বিয়েতে যোগ দিতে এবং অসুস্থ মায়ের পাশে থাকতে জামিন পেয়েছিলেন। পরে তুতো বোনের বিয়েতেও যোগ দেওয়ার অনুমতি পান। অন্যদিকে, অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে তিন দিনের জামিন পেয়েছিলেন উমর।


